বান্দরবানের সদর উপজেলার রেইছা ছড়া থেকে নিখোঁজের তিনদিন পর চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম নামন সত্যজিৎ চাকমা। সে সিনিয়র রেইছা পাড়ার বাসিন্দা সমিরণ চাকমার ছেলে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে স্থানীয়রা রেইছা বাজার সংলগ্ন নির্মাণাধীন একটি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
সদর ইউনিয়নের চেয়ারম্যান অং চাহ্লা মারমা জানান, গত সোমবার (৭ জুলাই) সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবার প্রথমে আশপাশে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের কারণে ছড়ায় পানির প্রবল স্রোত তৈরি হয়। ধারণা করা হচ্ছে, শিশুটি খালের ধারে খেলা করার সময় স্রোতে ভেসে গিয়ে প্রাণ হারায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ বলেন, “দু’দিন আগে নিখোঁজের বিষয়ে থানায় পরিবার জানায়। আজ সকালে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে পানিতে ভেসে যাওয়ার কথা মনে করা হলেও, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

-পার্বত্য সময়