খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদ্যাপন শুরু হয়েছে রাঙামাটিতে। এ উপলক্ষে জেলার বিভিন্ন গির্জা ও ব্যাপ্টিস্ট চার্চে সমবেত প্রার্থনা, ধর্মীয় সংগীত পরিবেশন ও কেক কাটার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। দিনব্যাপী আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাঙামাটি শহরের আসামবস্তী এলাকার নির্মলা মারিয়া গির্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদ্যাপন করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। যিশুখ্রিষ্টের জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠিত সমবেত প্রার্থনায় ধর্মীয় গান পরিবেশনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে কেক কেটে যিশুখ্রিষ্টের জন্মদিন পালন করা হয়। প্রার্থনা পরিচালনা করেন ফাদার মাইকেল রয় ও সিস্টার কাকলী গোমেজ।
প্রার্থনায় যিশুখ্রিষ্টের জন্মের তাৎপর্য, শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরা হয়। শান্তি, ভালোবাসা ও মানবতার এই বার্তা নিয়ে বুধবার রাত থেকেই বড়দিনের উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ উপলক্ষে রাঙামাটি শহরের বন্ধু যিশুটিলা এলাকার সাধু যোসেফ ধর্মপল্লী নতুন সাজে সেজে ওঠে। বুধবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সেখানে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। একপর্যায়ে বড়দিনের আনন্দ ভাগাভাগি করতে কেক কাটেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
বড়দিনকে ঘিরে রাঙামাটির খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তি ও সম্প্রীতির বার্তায় ধর্মপ্রাণ মানুষজন দিনটি উদ্যাপন করছেন। রাঙামাটি শহরের তবলছড়ি, আসামবস্তী, গর্জনতলী ছাড়াও কাপ্তাই উপজেলা, বিলাইছড়ি উপজেলার পাংখোয়া পাড়া এবং বরকল উপজেলার বসন্তপাড়াসহ পাহাড়ের প্রত্যন্ত এলাকার খ্রিষ্টান ধর্মাবলম্বীরাও আনন্দঘন পরিবেশে বড়দিন পালন করছেন।
বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে বর্ণিল আয়োজনে বড়দিন উদ্যাপন করা হয়। এ সময় সানডে স্কুলের পক্ষ থেকে শিক্ষকদের মধ্যে উপহার বিনিময় করা হয়। চার্চের পালক রেভারেন্ড রোনাল্ড দিলীপ সরকার সমবেত প্রার্থনা পরিচালনা করেন।
পরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের সাবেক বিভাগীয় পরিচালক ডা. অংসুইপ্রু চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খিসা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির আমির আব্দুল আলীম। চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রার্থনায় দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও সৌহার্দ্য কামনা করা হয়।
এদিকে কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের দুর্গম হরিণছড়া এলাকায় তিনটি এবং ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের দুর্গম আড়াছড়ি ত্রিপুরা পাড়া এলাকার একটি চার্চেও বড়দিন উদ্যাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় গির্জা গির্জায় বর্ণাঢ্য উৎসব আয়োজন করা হয়েছে।


