পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমানকে পদোন্নতি দিয়ে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করা মোহাম্মদ মিজানুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী- মিজানুর রহমানের সরকারি কর্মজীবন শুরু হয় ১৯৯৫ সালের ১৫ নভেম্বর, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য হিসেবে। কর্মজীবনের শুরুতে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন এবং পরবর্তী সময়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।

এরপর তিনি বাংলাদেশ জনপ্রশাসন সংস্কার কমিশন (পিএআরসি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। পাশাপাশি, কর্মজীবনের অংশ হিসেবে তিনি সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অভিজ্ঞতাও অর্জন করেন।

একই প্রজ্ঞাপনে প্রশাসনে আরও দুই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমানকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলতাফ-উল-আলমকে সচিব পদমর্যাদায় বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমির রেক্টর নিয়োগ দেওয়া হয়েছে।