পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সাইট অফিসসংলগ্ন টোলপ্লাজা কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক মো. তৌহিদ হোসেন। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং চুক্তির অবশিষ্ট বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৫ সালের ১৯ জুলাই রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান সভাটি অন্তর্বর্তী সরকারের অধীনে পুনর্গঠিত কমিটির দ্বিতীয় বৈঠক।


