পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদের দিক থেকে এ অঞ্চলের সম্ভাবনা অপরিসীম। সবাইকে সম্পৃক্ত করে পার্বত্য চট্টগ্রামকে আন্তর্জাতিক পর্যটনের উপযোগী একটি গন্তব্যে পরিণত করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে হাটহাজারী উপজেলা কার্যালয়ের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। আগামী পাঁচ বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রামে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।
হাটহাজারীর স্থানীয় সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে তিনি জানান, অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপরাধে ছাড় দেওয়া হবে না। সরকারি জমি ও খাল দখলমুক্ত করতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া কৃষকদের স্বার্থে খালের নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে চৌধুরীহাট, বড়দিঘীর পাড় ও অক্সিজেন এলাকা পর্যন্ত যানজট নিরসনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


