পার্বত্য চট্টগ্রাম এখন বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে নিজের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের এ্যাম্বাসেডর মাইকেল মিলার এর নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, বিভিন্ন ভাষাভাষী নৃ-গোষ্ঠীসহ এখানকার সকল অধিবাসীর জীবনে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপদেষ্টা এ সময় আরও বলেন, বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে বৈষম্যহীন করে গড়ে তুলতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। প্রতিটি নাগরিক যেন সমতার ভিত্তিতে বাংলাদেশে মিলেমিশে বসবাস করতে পারে সেজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এ প্রসঙ্গে এ সরকার গৃহীত বিভিন্ন সংস্কার কর্মসূচির বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধিগণ সরকারের গৃহীত সংস্কার কর্মসূচির ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, বাংলাদেশ তথা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ইউরোপিয়ান ইউনিয়ন সবসময় আমাদের পাশে ছিল। ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা অব্যাহত রেখেছে এবং এজন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানান উপদেষ্টা।
তিনি বলেন, পার্বত্য এলাকার পরিবেশ রক্ষা, ইকো ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান বৃদ্ধিসহ সকল ক্ষেত্রে পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নের জন্য সংশ্লিষ্ট সকলে কাজ করছে।
পার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নের ওপর অধিকতর গুরুত্ব প্রদান করে উপদেষ্টা বলেন, মাল্টিমিডিয়ার মাধ্যমে পার্বত্য অঞ্চলের ছাত্রছাত্রীদের পড়ালেখার মান বৃদ্ধি এবং পার্বত্য অঞ্চলের বসবাসকারী জনগোষ্ঠীর জীবনমানের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে। তিনি এসব ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা বলেন, সুশাসন, পরিবেশ বান্ধব ট্যুরিজম, সমউন্নয়ন, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, সুপেয় পানি সরবরাহ, মানবাধিকার রক্ষা ইত্যাদি বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে।
-পার্বত্য সময়


