তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। শীতার্তদের দুর্ভোগ লাঘবে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় রোববার (৪ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোইনাইছড়িতে প্রথম ধাপে ৮০ জন শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও এ কর্মসূচির আওতায় শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র পাইশিখই মারমা, কেন্দ্রীয় সদস্য ও দৈনিক পার্বত্যকণ্ঠ এবং সম্প্রীতি টিভির চেয়ারম্যান শাহীন আলম, কেন্দ্রীয় সদস্য পাই মং থুই মারমা প্রেম। এছাড়াও উপস্থিত ছিলেন মো. আতিকুর রহমান, অংসি থোয়াই মারমা এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
গত কয়েকদিন ধরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোইনাইছড়িসহ আশপাশের এলাকায় ঘন কুয়াশা ও তীব্র শীত বিরাজ করছে। সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপ আরও বেড়েছে। এই শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, দরিদ্র, বৃদ্ধ, নারী ও অসহায় মানুষ। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায় সিএইচটি সম্প্রীতি জোট।
প্রধান অতিথি থোয়াই চিং মং শাক বলেন, পাহাড়ে জাতিসত্তার অস্তিত্ব রক্ষার নামে কিছু সশস্ত্র আঞ্চলিক সংগঠন বিপুল পরিমাণ অর্থ চাঁদা হিসেবে আদায় করলেও দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে তার কোনো প্রতিফলন দেখা যায় না। তিনি বলেন, এখন সময় এসেছে পাহাড়ে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সমাজের বিত্তবানদের প্রতি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত এক মাস ধরে বান্দরবান জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে সিএইচটি সম্প্রীতি জোটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মাঝে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রমকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।


