পার্বত্য জেলাগুলোতে কর্মরত সরকারি চাকুরিজীবীরা পাহাড়ি ভাতা তাদের মূল বেতনের সমপরিমাণ করার দাবি জানিয়েছেন।
গত ২৬ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে বান্দরবানের সরকারি কর্মকর্তা -কর্মচারীদের এক মতবিনিময় সভায় এমন দাবি উত্থাপন করা হয়।
বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি পত্র পাঠিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে ওই পত্রটি পাঠানো হয়েছে গত ১০ সেপ্টেম্বর।
এতে বলা হয়, পার্বত্য জেলায় কর্মকর্তা-কর্মচারীদের পাহাড়ি ভাতা মূল বেতনের ওপর জেলা পর্যায়ে ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৩ হাজার টাকা দেওয়া হয়। আর উপজেলা পর্যায়ে ২০ শতাংশ হারে সর্বোচ্চ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
মানবিক দিক ও ঝুঁকি বিবেচনা করে এই ভাতা মূল বেতনের সমপরিমাণ করার প্রস্তাব উল্লেখ করে জেলা প্রশাসকের পত্রে বলা হয়, এমনটা হলে সরকারের কর্মকর্তা-কর্মচারীরা পার্বত্য জেলায় পদায়ন নিতে আগ্রহী হবেন।
জেলা প্রশাসকের এই পত্রের অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিবের কাছে।
-পার্বত্য সময়

