খাগড়াছড়ি সদর উপজেলার ভূয়াছড়ি এলাকায় সৃজিত বাগান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ভূয়াছড়ি ইউনিয়নের নতুন পাড়া এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে এক পক্ষের রয়েছেন কমলছড়ি হেডম্যানপাড়া এলাকার থৈইলা অং চৌধুরী (৬৯), নতুন পাড়া এলাকার মিলন চাকমা (৪০) এবং বিমল ত্রিপুরা (৪০)। অপর পক্ষের আহতরা হলেন ভূয়াছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল বাশির (৬৫) এবং তাঁর দুই ছেলে মো. রশিদ (৩০) ও মো. নাসির (৩৩)।
সংঘর্ষে আহত সবাইকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদমাধ্যম বাংলানিউজের খবরে বলা হয়- আহত মো. নাসির অভিযোগ করে বলেন, তার বাবার নামে রেকর্ডভুক্ত জমিতে প্রায় তিন বছর আগে আম ও কলার বাগান করা হয়। বুধবার বিকেলে হঠাৎ থৈইলা অং চৌধুরী লোকজন নিয়ে বাগানে এসে আগুন লাগিয়ে দেন। আগুন নেভাতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। তবে এ বিষয়ে থৈইলা অং চৌধুরীর পক্ষ থেকে কেউ বক্তব্য দিতে রাজি হননি।
ভূয়াছড়ি এলাকার সাবেক ইউপি সদস্য আবু তালেব জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই আব্দুল বাশিরের পরিবারের সঙ্গে থৈইলা অং চৌধুরীর লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মঞ্জুরুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আহত ছয়জনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের মাথায় আঘাত গুরুতর বলে তিনি জানান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, ভূয়াছড়ি এলাকায় বাগানের জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে পুলিশ জানতে পেরেছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


