বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানে জেলা প্রশাসনের আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। অভিযানের আগে নিজে হাতে প্লাস্টিকের বোতল ও প্যাকেট ফেলে সেটিই পরে পরিষ্কার করার দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে জেলা প্রশাসক শামীম আরা রিনি ভাইরাল ভিডিও প্রসঙ্গে বলেন, আমার অজান্তেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে জেলা প্রশাসনের একটি উদ্যোগ সমালোচিত হলো। এ বিষয়ে আমার জানা ছিল না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখেছি।

ভিডিওতে দেখা যায়, মেঘলা পর্যটন কেন্দ্রে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান’-এর উদ্বোধনের আগে কয়েকজন ব্যক্তি পলিথিন ব্যাগ থেকে খালি বোতল ও চিপসের প্যাকেট ছড়িয়ে দেন। এরপর পরিচ্ছন্নতা কর্মী ও স্বেচ্ছাসেবীরা তা তুলে নেন।

ডিসি আরও বলেন, “যেখানে প্লাস্টিক ফেলা হয়েছিল, আমি নিজে সেদিকে যাইনি। পুরো ঘটনাই অনভিপ্রেত।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আয়োজিত ওই অভিযানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব ও এস এম হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

ডিসি শামীম আরা রিনি বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে আরও বলেন, “বান্দরবানবাসীর সহযোগিতায় নতুন পর্যটন স্পট চালু করা এবং পর্যটন নগরীকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।