রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি গ্রামের এক পাহাড়ি কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। নিখোঁজের তিন দিন পর তার পিতা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর)বিকাল ৫ টার দিকে রাঙামাটি শহরের কল্যাণপুর বাজার এলাকা থেকে নিখোঁজ হন রাঙামাটি সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র আলোরন চাকমা (২১)। নিখোঁজ আলোরন চাকমা ঘাগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজাছড়ি গ্রামের প্রিয়ধন চাকমার ছেলে। তিনি রাঙামাটি টিটিসি এলাকায় ভাড়া বাসায় থেকে পড়াশোনা করতেন।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের দিন সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পরও যোগাযোগ না পেয়ে আলোরনের পিতা প্রিয়ধন চাকমা ৫ অক্টোবর রাঙামাটির কোতোয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে নিখোঁজের কারণ সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

