খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে সহিংসতায় নিহত তিন যুবকের মরদেহ দাহ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার মধ্যে নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামের শ্মশানে দাহ করা হয়। এর আগে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে প্রশাসন।
নিহতরা হলেন—থোয়াইচিং মারমা (২৫), আখ্র মারমা (২৪) এবং আথুই প্রু মারমা (২৬)। তিনজনের বাড়িই উপজেলার হাফছড়ি ইউনিয়নে।
গ্রামবাসীরা জানান, মরদেহ গ্রামে পৌঁছালে কান্নার রোল পড়ে যায়। রাতেই শোকাহত পরিবার ও এলাকাবাসী দাহক্রিয়া সম্পন্ন করেন।
ওসি এনামুল হক বলেন, “এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোনো মামলা করেননি।”
উল্লেখ্য, গত রোববার কিশোরী ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে ইউপিডিএফের ডাকা অবরোধ চলাকালে গুইমারার রামসু বাজারে সহিংসতার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষে গুলি চললে তিনজন নিহত এবং সেনাবাহিনীর এক মেজরসহ অন্তত ২০ জন আহত হন।


