বান্দরবানের তরুণ ক্রিকেটারদের দক্ষতা উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বুধবার (৫ নভেম্বর) বিকেলে তিনি বান্দরবান জেলা স্টেডিয়ামে স্থানীয় ক্রিকেটারদের অনুশীলন কার্যক্রম পরিদর্শন করেন এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ক্রিকেট উপ-কমিটির কর্মকর্তারা এবং স্থানীয় ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে আসিফ আকবর বলেন, “পাহাড়ি জেলাতেও ক্রিকেটের অপার সম্ভাবনা রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও আধুনিক অবকাঠামো পেলে এখানকার খেলোয়াড়রা জাতীয় দলে জায়গা করে নেওয়ার সামর্থ্য রাখে।”

তিনি আরও জানান, বান্দরবানের ক্রিকেট অবকাঠামো শক্তিশালী করতে বিসিবি বিশেষ উদ্যোগ নেবে, যেন স্থানীয় যুবরা নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ পায়।

এ সময় স্থানীয় খেলোয়াড়রা প্রশিক্ষক সংকট, সরঞ্জামের অভাব ও নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পরিদর্শনের শেষে আসিফ আকবর উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে সময় কাটান এবং তাদের স্বপ্ন পূরণে মনোবল জোগান।