বাঙালি যুবককে পিটিয়ে হত্যার পর চোর সাজানোর প্রতিবাদে উপজাতিদের সাথে স্থানীয় বাঙালিদের সংঘর্ষকে কেন্দ্র করে শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটিতে জারি করা ১৪৪ ধারা এখনো বলবৎ থাকলেও খাগড়াছড়ি জেলা সদরে মেয়াদ আর বাড়ানো হয়নি।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় আজ শনিবার দুপুরে গণমাধ্যমকে বলেন, আস্তে আস্তে শান্ত হচ্ছে পরিস্থিতি। তাই ১৪৪ ধারা আর বাড়ানো হয়নি।
পরিস্থিতি এখন শান্ত থাকলেও রাঙ্গামাটিতে এখনও ১৪৪ ধারা জারি রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
আজ সকাল ৬টা থেকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে ‘সিএইচটি ব্লকেড’ নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ৭২ ঘণ্টার এই অবরোধে রাস্তায় যানবাহন চললেও অন্যান্য দিনের চেয়ে কম ছিল বলে জানা গেছে। এর পাশাপাশি রাঙামাটিতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।
পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন নিহত, অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তি দাবিতে গতকাল ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার’ ব্যানারে ৭২ ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয়। এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামের সংগঠন। এ ছাড়া পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টও (ইউপিডিএফ) অবরোধে সমর্থন জানায়।
গতকাল রাঙামাটিতে বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পরিবহন ধর্মঘট ডেকেছেন মালিক সমিতি।
-পার্বত্য সময়

