রাঙামাটির কাপ্তাই হ্রদের মাছ স্থানীয় জনগণের নাগালে আনার জন্য মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
জেলা প্রশাসক বলেন, “আমার জেলার মানুষ কাপ্তাই হ্রদের মাছ পাচ্ছে না, আমি নিজেও পাচ্ছি না। অথচ বাজারে দেখি দুর্গন্ধযুক্ত পুকুরের মাছ বিক্রি হচ্ছে। স্থানীয়দের কাপ্তাই হ্রদের মাছ খাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।”
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মকর্তাদের উদ্দেশ করে তিনি প্রশ্ন তোলেন, “হ্রদে এত মাছ উৎপাদন হয়, তাহলে সেগুলো কোথায় যায়? আলোচনায় বসুন, সমাধান বের করুন। জেলা প্রশাসন আপনাদের পাশে রয়েছে।”
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি পৌর প্রশাসক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার, সিভিল সার্জন ডা. নুয়েন খিসা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
-পার্বত্য সময়


