টানা বর্ষণে পাহাড়ি ঢলের ঝুঁকি বাড়ায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট দেবতাখুমে এক সপ্তাহের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ জুন) বিকেলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পাহাড়ি নদী, ছড়া ও ঝিরিতে পানিপ্রবাহ বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় এবং সম্ভাব্য পাহাড় ধসের আশঙ্কায় ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতাখুমে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “দেবতাখুম এলাকার বর্তমান প্রাকৃতিক পরিস্থিতি পর্যটক ও স্থানীয়দের চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বান্দরবান জেলা সদরের প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত দেবতাখুম নদী, ঝরনা, খাড়া পাহাড় ও পাথরের গিরিখাদের এক অপূর্ব মিশ্রণে গঠিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বর্ষাকালে তার সৌন্দর্য আরও বর্ণিল হয়ে উঠলেও তীব্র স্রোত, পিচ্ছিল পথ এবং ভূমিধসের আশঙ্কায় পর্যটকদের জন্য তা হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ।
প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, নিয়মিত তদারকি, সতর্কতা এবং সচেতনতামূলক প্রচার ছাড়া দুর্গম অঞ্চলে পর্যটন নিরাপদ রাখা কঠিন। বর্ষা মৌসুমে নিরাপত্তা নিশ্চিত না করে পাহাড়ি এলাকায় পর্যটকদের যাতায়াত একপ্রকার আত্মঘাতী হয়ে উঠতে পারে।

-পার্বত্য সময়