খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মো. জহির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সিএন্ডবি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে মান-অভিমান চলছিল জহির মিয়ার। প্রায় ৬-৭ বছর আগে তিনি পরিবার থেকে আলাদা হয়ে উপজেলা সদরের সড়ক ও জনপথ (সওজ) এলাকার একটি পুকুরপাড়ে ঝুপড়ি ঘরে বসবাস শুরু করেন। একাই জীবনযাপন করতেন তিনি। প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করেই চলত তার সংসার।
মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ঝোপের মধ্যে তার অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, জহির মিয়ার স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রয়েছে। এর মধ্যে দুই ছেলে প্রবাসে, একজন চট্টগ্রামে কর্মরত এবং ছোট ছেলে বাড়িতে থাকেন। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। পরিবারের সদস্যরা একাধিকবার তাকে বাড়িতে ফেরাতে চেষ্টা করলেও তিনি রাজি হননি।
মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”

-পার্বত্য সময়