বান্দরবানের পাহাড়ি জঙ্গলে দীর্ঘদিন ধরে গোপনে ফাঁদ পেতে হরিণ শিকার চালিয়ে আসা একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়িতে অভিযান চালিয়ে রান্না করা হরিণের মাংস উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের তুলাতলি বাজার এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দিল মোহাম্মদ (৪৪), তার ছেলে আবু তাহের (১৮), মৃত নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৭) এবং আবদুস সালামের ছেলে সাইফুল ইসলাম (১৮)। তারা সবাই সুয়ালক ইউনিয়নের বাসিন্দা।

বন বিভাগ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সক্রিয় হরিণ শিকার চক্রের সদস্য। তারা সুয়ালক ইউনিয়নের কাইচতলি ও প্রান্তিক লেক সংলগ্ন পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে হরিণ শিকার করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে দিল মোহাম্মদ ও আবদুস সালামের বাড়িতে তল্লাশি চালালে রান্না করা হরিণের মাংস উদ্ধার করা হয়।

স্থানীয় জনপ্রতিনিধি জসীম উদ্দিন জানান, বাংলাদেশ মিলিটারি ট্রেনিং এরিয়া (বিএমটিএ) এলাকায় জনবসতি কম থাকায় সেখানে বনাঞ্চল গড়ে উঠেছে এবং হরিণের আবাসস্থল তৈরি হয়েছে। এই সুযোগে ১৫ থেকে ২০ সদস্যের একটি শিকারি চক্র দীর্ঘদিন ধরে চালিঘাট পাহাড় এলাকায় জালের ফাঁদ পেতে হরিণ শিকার করে আসছে।

বান্দরবান সদর রেঞ্জের বন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, শিকারি চক্রটির কার্যক্রম সম্পর্কে আগে থেকেই ধারণা ছিল, তবে এতদিন কাউকে হাতেনাতে ধরা সম্ভব হয়নি। সর্বশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।