রাঙামাটির বাঘাইছড়িতে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তার স্বার্থে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৭ আগস্ট) সকালে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট রহমত উল্লাহ। 
অ্যাডভোকেট রহমত উল্লাহ বলেন, দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ি, যা জেলা সদর থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্গম ভৌগোলিক অবস্থান ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এখানকার মানুষ সবসময়ই ঝুঁকির মুখে থাকে। অথচ এই জনবহুল উপজেলায় এখনো কোনো ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠা করা হয়নি।
তিনি জানান, চলতি বছরের মে ও জুলাই মাসে দুই দফা ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। পাহাড়ি এলাকায় অগ্নিকাণ্ড শুরু হলে তা নিয়ন্ত্রণে আনতে না পেরে মানুষ অসহায়ভাবে শুধু ক্ষয়ক্ষতি দেখতে বাধ্য হয়।
তিনি অভিযোগ করে বলেন, জেলার অন্যান্য উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হলেও অজ্ঞাত কারণে বাঘাইছড়িকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হচ্ছে। এ বিষয়ে একাধিকবার সরকারের সংশ্লিষ্ট মহলকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি সতর্ক করে বলেন, দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ না নিলে স্থানীয়রা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জিল্লুর রহমান, মো. রেজাউল করিম, মো. আল আমিন ও মো. আলমগীর হোসেন।

-পার্বত্য সময়