রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের দুর্গম কবিরপুর গ্রামে অ-বাঙালি সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডবে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। সোমবার (২০ অক্টোবর) রাতে একদল অস্ত্রধারী অতর্কিত হামলা চালিয়ে বাঙালি বসতিতে ভাঙচুর চালায় এবং একাধিক রাউন্ড গুলি ছোড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আমতলী ইউনিয়নের মাহিল্যা কবিরপুর এলাকায় জজ মিয়ার বাড়িতে হামলা চালায় অ-বাঙালি সশস্ত্র একটি দল। তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে এবং ভয়ভীতি ছড়িয়ে চলে যায়। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদমাধ্যম রূপালী বাংলাদেশের একটি খবরে বলা হয়- ভুক্তভোগী জজ মিয়া বলেন, “সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। যাওয়ার সময় তারা চাঁদা দাবি করে এবং পাহাড়ে না যাওয়ার হুমকি দেয়। আমরা এখন চরম আতঙ্কে আছি। প্রশাসনের কাছে দাবি, অবিলম্বে এই এলাকায় একটি নিরাপত্তা ক্যাম্প স্থাপন করা হোক।”

স্থানীয়দের অভিযোগ, অ-বাঙালি সন্ত্রাসীরা নিয়মিতভাবে চাঁদা দাবি করছে এবং পাহাড়ে যাতায়াত বন্ধ করে দিচ্ছে। এতে স্থানীয় বাঙালিদের জীবন-জীবিকা ব্যাহত হচ্ছে।

আমতলী ইউনিয়ন পরিষদের সদস্য আয়নাল হক মেম্বার বলেন, আমতলী বাজার থেকে কবিরপুর কালো পাহাড় পর্যন্ত বিশাল এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতিতে সন্ত্রাসীরা নির্বিঘ্নে হামলা চালাতে পারছে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি—কবিরপুর এলাকায়, বিশেষ করে কালো পাহাড় মুখে, অবিলম্বে একটি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হোক।