রাঙামাটির লংগদুর পাকুয়াখালীতে শান্তিবাহিনীর হাতে নিহত ৩৬ কাঠুরিয়ার হত্যার বিচার ও নিহত পরিবারের পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি দিয়েছে পাকুয়াখালী ম্যাসাকার রিকুপ ফাউন্ডেশন। 
সোমবার (২৫ আগস্ট) দুপুরে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনের কাছে সংগঠনটির পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় নিহতদের স্বজন ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালে সংঘটিত এই হত্যাকাণ্ডের প্রায় ২৯ বছর অতিক্রান্ত হলেও আজও ন্যায়বিচার মেলেনি ভুক্তভোগীদের পরিবারগুলোর। এতে বিচার বিভাগের মাধ্যমে তদন্তপূর্বক হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
এছাড়া নিহত প্রত্যেক কাঠুরিয়ার রাষ্ট্রীয় স্বীকৃতি, প্রতিটি পরিবার থেকে একজনকে সরকারি চাকরির ব্যবস্থা, পরিবারের জন্য আবাসনের নিশ্চয়তা এবং প্রতিটি পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদানের বিষয়গুলো দাবিতে অন্তর্ভুক্ত করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পাকুয়াখালী ম্যাসাকার রিকুপ ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিব হোসেন, সমঅধিকার আন্দোলন রাঙামাটির আহ্বায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছগির, ছাত্রনেতা নূর তালুকদার মুন্না, নুরুল আফসার, জহিরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

-পার্বত্য সময়