সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে মানবাধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচার ছিল না। ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করে বিচার বিভাগকে রাজনৈতিক দমন–পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।
বক্তারা বলেন, বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে জনগণের ওপর নিপীড়ন চালানো হয়েছে। এ প্রক্রিয়ার অন্যতম রূপকার হিসেবে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নাম উল্লেখ করেন তারা। বক্তাদের দাবি, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বিচারপতি খায়রুল হক বিচার বিভাগের নিরপেক্ষতা ও আস্থাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।
সমাবেশে তার গ্রেপ্তার দাবি করে বক্তারা বলেন, “খায়রুল হক বিচারহীনতার সংস্কৃতি চালু করে বিচার বিভাগকে কলুষিত করেছেন। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে রাজপথে জবাব দেওয়া হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বান্দরবান জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্যাচিং মারমা, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খানসহ আরও অনেকে।

-পার্বত্য সময়