পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ সংশোধনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখা।
শনিবার (২৮ জুন) রাঙামাটির একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, “উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বর্তমান সরকারের কিছু উপদেষ্টা ও তথাকথিত সংস্কার কমিশনের প্রভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ সংশোধন করে ‘জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট’ গঠনের সিদ্ধান্ত হয়েছে, যা আমাদের দৃষ্টিতে অসাংবিধানিক ও গভীর ষড়যন্ত্রমূলক।”
সংগঠনটি দাবি করে, প্রস্তাবিত এই সংশোধনীর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে একটি একচেটিয়া গোষ্ঠীর প্রাধান্য প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। বক্তারা আশঙ্কা প্রকাশ করেন, এর ফলে অঞ্চলটির সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রশাসনিক ভারসাম্য বিনষ্ট হবে, এবং বিভাজন, অনিয়ম ও বৈষম্য আরও প্রাতিষ্ঠানিক রূপ পাবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, যুগ্ম সম্পাদক মাওলানা ইব্রাহীম ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার।
-পার্বত্য সময়


