পার্বত্য তিন জেলায় বাজারফান্ডভুক্ত জমির লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীতকরণ, বন্ধ থাকা ব্যাংক ঋণ চালু, দেশের অন্যান্য জেলার মতো রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবানে কার্যকর ভূমি ব্যবস্থাপনা চালু এবং রাজার সনদ বাতিলসহ চার দফা দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, দফতর সম্পাদক মো. শাহজালাল, বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. আলম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনসহ জেলা নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, দেশের অন্যান্য জেলার তুলনায় পার্বত্য অঞ্চলে ভূমি ব্যবস্থাপনা জটিল ও বৈষম্যমূলক। বাজারফান্ডভুক্ত জমি লিজ দেওয়া হলেও ব্যাংক ঋণ বন্ধ থাকায় ক্ষুদ্র ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তারা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বক্তারা অবিলম্বে কার্যকর ভূমি ব্যবস্থাপনা চালু এবং রাজার সনদ বাতিলের দাবি জানান।
-পার্বত্য সময়


