রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ১৯ অক্টোবরের বৈঠক বাতিলের দাবিতে হরতালের ডাক দিয়েছে ‘রাঙ্গামাটির সচেতন ছাত্র-জনতা’। সংগঠনটি জানিয়েছে, পূর্ব নির্ধারিত বৈঠকটি বাতিল না হলে ওই দিন রাঙ্গামাটিজুড়ে হরতাল পালনসহ ছাত্র-জনতা অবস্থান নেবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাঙ্গামাটির একটি রেস্তোঁরায় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির বক্তব্য অনুযায়ী, আগামী ১৯ অক্টোবর রাঙ্গামাটিতে চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমিশন পার্বত্য অঞ্চলের ভূমি জটিলতা সমাধানে কাজ করছে। তবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) দাবি করছে, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ অনুযায়ী গঠিত এই কমিশনে পার্বত্য বাঙালীদের কোনো প্রতিনিধি নেই। বিষয়টি নিয়ে কমিশনের বৈঠককে কেন্দ্র করে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার আট দফা দাবি বাস্তবায়ন না করে যদি বৈঠক অনুষ্ঠিত হয়, তা রাঙ্গামাটির শান্তিপ্রিয় জনতাকে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি তারা জানিয়েছেন, বৈঠকের স্থান পরিবর্তন করে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বৈঠক আয়োজনের চেষ্টা করলে একই কর্মসূচি সেইসব জেলাতেও নেওয়া হবে। দাবি পূরণ হলে সব কর্মসূচি বাতিল করা হবে।

সংগঠনটির ঘোষিত আট দফা দাবি হলো—

 ভূমি কমিশনে জনসংখ্যা অনুপাতে সকল জাতি ও সম্প্রদায়ের সমান সংখ্যক সদস্য নিশ্চিত করা।

 ভূমি বিরোধ নিষ্পত্তির কার্যক্রম শুরুর পূর্বে ভূমির বর্তমান অবস্থা নিরূপণের জন্য জরিপ সম্পন্ন করা।

 জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের ভূমির ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কমিশন সংশোধনী আইন-২০১৬-এর ধারা বাতিল করা।

 পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা দেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত করা।

 জেলা প্রশাসকগণকে সমতলের ন্যায় ভূমি বিরোধ নিষ্পত্তির অধিকার প্রদান করা।

 কমিশনের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলে সরকারি খাস জমিতে পুনর্বাসন নিশ্চিত করা।

 কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা ২০০১ সালের ভূমি কমিশন আইন অনুযায়ী বলবৎ করা।

কমিশনের কার্যক্রম পরিচালনায় তথাকথিত রীতি, প্রথা ও পদ্ধতির পরিবর্তে দেশের বিদ্যমান ভূমি আইন অনুসরণ করা; সরকার অনুমোদিত মালিকানা থেকে কাউকে উচ্ছেদ করা যাবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নুর হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।