বান্দরবান পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা সার্বভৌমত্ব রক্ষা, আইন-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যাহারকৃত ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের জোর দাবি জানান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সদর উপজেলার মুক্তমঞ্চের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিসিপি) আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, জেলা শাখার সহ-সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদসহ নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা মানববন্ধনে দাবি করেন, বান্দরবান জেলা শহরের বাজারফান্ড প্লটের লীজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, দীর্ঘদিন বন্ধ থাকা ব্যাংক ঋণ পূর্বের মতো পুনরায় চালু করা এবং জমি ক্রয়-বিক্রয় ও নামজারির ক্ষেত্রে তিন দফা এলআর ফান্ড কার্যক্রম বন্ধ করার উদ্যোগ নেওয়া হোক।
এছাড়া বক্তারা পার্বত্য জেলায় রাজার স্বঘোষিত আইন বাতিল, হেডম্যান কার্যালয়ের পরিবর্তে সকল উপজেলা ভূমি অফিসে ভূমির কর ও খাজনা পরিশোধের সুযোগ সৃষ্টি, সার্বভৌমত্ব রক্ষা, আইন-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যাহারকৃত ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের জোর দাবি জানান।
মানববন্ধনে আরও দাবি করা হয়, বান্দরবান পার্বত্য জেলার সাধারণ নাগরিকদের সুযোগ-সুবিধা দ্রুত বাড়ানো এবং দেশের অন্যান্য জেলার মতো বান্দরবান জেলায় সকল আইন একই নিয়মে বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হোক।


