রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে চলমান অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় হেডম্যান, কার্বারি ও জনপ্রতিনিধিরা। অবরোধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে উল্লেখ করে দ্রুত সড়ক সচলের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে জনস্বার্থবিরোধী অবরোধের বিরুদ্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে সাজেকের দাঁড়িপাড়া এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর অংশগ্রহণে এ সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ৩৬ নম্বর সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারি, গ্রামপ্রধান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রসীতপন্থী ইউপিডিএফ তাদের সংকীর্ণ দলীয় স্বার্থে সাজেক সড়কে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল, যোগাযোগ ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দলীয় স্বার্থে সাধারণ মানুষকে জিম্মি করে এ ধরনের কর্মসূচি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, সাজেকের মানুষের জীবন-জীবিকা, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের স্বার্থে সড়কটি সচল রাখা অত্যন্ত জরুরি। তাই অবিলম্বে অবরোধ প্রত্যাহার করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তাঁরা। পাশাপাশি চলমান অবরোধের বিরুদ্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার এবং স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশ ও সংবাদ সম্মেলন থেকে সাজেক সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করে সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সাজেকে পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক আছে। কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। জেলা প্রশাসকের ঘোষণার পর পর্যটক ভ্রমণ শুরু হবে।

তবে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, সাজেক পর্যটককেন্দ্র খুলে দিতে আর অবরোধকারীদের দাবির বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।