পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন দেশের সার্বিক সৌন্দর্য বৃদ্ধির জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের নবম কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সুপ্রদীপ চাকমা বলেন, "ডিসিদের প্রতি আমাদের নির্দেশনা ছিল, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। উন্নয়নের কৌশল কীভাবে সাজানো উচিত, সে বিষয়ে আমাকে ব্যক্তিগতভাবে পরামর্শ দিলে আমি তা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারব।"
তিনি আরও জানান, পার্বত্য চট্টগ্রাম নিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) অনেক সুপারিশ রয়েছে, কারণ এই অঞ্চল বাংলাদেশের মোট ভূখণ্ডের এক-দশমাংশ জুড়ে বিস্তৃত।
"আমরা চাই, পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নতি হোক। আঞ্চলিক সম্পর্ক আরও দৃঢ় হোক, শিক্ষার প্রসার ঘটুক, মানুষের জীবনযাত্রার মান উন্নত হোক এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা হোক,"—বলেন সুপ্রদীপ চাকমা।

-পার্বত্য সময়