বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটন আকর্ষণ দেবতাখুমে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে দেশি-বিদেশি পর্যটকরা এখন থেকে দেবতাখুম ভ্রমণ করতে পারবেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রুমা ও থানচি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা এখনও বহাল থাকলেও, দেবতাখুম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সম্মতির ভিত্তিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে অন্যান্য স্থানের নিষেধাজ্ঞাও পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ মার্চ পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিষেধাজ্ঞার ফলে বান্দরবানের পর্যটন শিল্পে স্থবিরতা নেমে আসে এবং সংশ্লিষ্ট খাতের সঙ্গে জড়িত অনেকেই কর্মহীন হয়ে পড়েন।
দেবতাখুম বান্দরবান জেলা শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার এবং রোয়াংছড়ি থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত। কচ্ছপতলি হয়ে রোয়াংছড়ি থেকে দেড় কিলোমিটার পায়ে হেঁটে এই স্থানে পৌঁছানো যায়। দেবতাখুমের পাথরের দুই পাহাড়ের মাঝখানে পাহাড়ি ঝর্ণা ও স্বচ্ছ পানি প্রবাহিত হয়, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে স্থানীয় ব্যবসায়ী, ট্যুরিস্ট গাইড ও পর্যটন সংশ্লিষ্ট অন্যান্যরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন, এতে করে এলাকার পর্যটন শিল্প আবারও প্রাণ ফিরে পাবে।
-পার্বত্য সময়


