চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ অপহৃত শিক্ষার্থীর মধ্যে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমাকে উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে । 
মঙ্গলবার (২২ এপ্রিল) রাঙামাটি জেলার কুতুকছড়ি মাওরুম কলেজ এলাকায় তার পিতা ধনঞ্জয় চাকমার কাছে হস্তান্তর করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
গত ১৫ এপ্রিল বিজু উৎসব শেষে পাঁচ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে খাগড়াছড়ির গিরিফুল এলাকায় অস্ত্রধারীরা তাদের বহনকারী টমটম থামিয়ে অপহরণ করে। অপহৃত শিক্ষার্থীরা হলেন—চারুকলা ইনস্টিটিউটের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের লংতি ম্রো।
অপহরণের ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ – প্রসীত)-এর সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও সংগঠনটি তা অস্বীকার করেছে। অপহরণের ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ইউপিডিএফ (প্রসীত)-এর বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছে। তবে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের সংগঠন এ ধরনের অপহরণে জড়িত নয়। এটি আমাদের বিরুদ্ধে অপপ্রচার।”
১৬ এপ্রিল অপহরণের পর থেকে স্বজন ও ছাত্রসমাজের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দেয়। ৬ দিন পর দিব্যি চাকমার হস্তান্তরের খবর কিছুটা স্বস্তি দিলেও, বাকি চারজনের খোঁজ না মেলায় উদ্বেগ আরও গভীর হচ্ছে।

-পার্বত্য সময়