ভবন আছে, আবহাওয়া পর্যবেক্ষণের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও আছে। নেই শুধু প্রয়োজনীয় জনবল। ফলে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পোমাংপাড়ার আবহাওয়া অফিসটি প্রতিষ্ঠার ১৭ বছর পরও স্থানীয় মানুষের প্রত্যাশিত সেবা দিতে পারছে না। নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টিপাতের আগাম তথ্য কিংবা দুর্যোগের সতর্কবার্তা-কোনোটিই পৌঁছায় না সাধারণ মানুষের কাছে।

পাহাড়ি ও কৃষিনির্ভর দীঘিনালায় বিষয়টি শুধু একটি সরকারি প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের ফসল, মানুষের জীবন-জীবিকা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা। বর্ষায় অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকা এ উপজেলায় আগাম সতর্কবার্তা না পাওয়ায় ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে পোমাংপাড়ায় আবহাওয়া অফিসটি নির্মাণ করা হয়। উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে আবহাওয়া পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও পূর্বাভাস দেওয়া। বিশেষ করে কৃষকরা যাতে আগাম আবহাওয়ার তথ্যের ভিত্তিতে ফসল উৎপাদন ও কৃষিকাজের পরিকল্পনা করতে পারেন, সেটিও ছিল এ অফিস প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য। কিন্তু ১৭ বছরেও সেই লক্ষ্য পূরণ হয়নি।

 ৫ কোটি টাকা ব্যয়ে পোমাংপাড়ায় আবহাওয়া অফিস

অফিসের নথি অনুযায়ী, সেখানে বায়ুচাপ মাপার যন্ত্র, বায়ুর গতি ও দিক নির্ণয়ের যন্ত্র, বৃষ্টিপাত মাপার যন্ত্র, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মাপার যন্ত্র, সূর্যালোকের স্থায়িত্ব নির্ণয়ের যন্ত্র, মাটির বিভিন্ন গভীরতার তাপমাত্রা মাপার যন্ত্র, সৌর বিকিরণ ও বাষ্পীভবন মাপার যন্ত্র, আবহাওয়া পর্যবেক্ষণ বাক্স, সৌর প্যানেল, কম্পিউটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম রয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে বৃষ্টিপাত, তাপমাত্রা, বায়ুর গতি ও দিক, বায়ুচাপ, সূর্যালোকের স্থায়িত্ব, মাটির তাপমাত্রা ও বাষ্পীভবনসহ আবহাওয়ার বিভিন্ন তথ্য সংগ্রহ করা সম্ভব। কিন্তু প্রয়োজনীয় প্রশিক্ষিত কর্মী না থাকায় যন্ত্রপাতির কার্যকর ব্যবহার, তথ্য বিশ্লেষণ এবং তা স্থানীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

২০১৪ সাল থেকে একাই দেখছেন একজন

বর্তমানে অফিসটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন বেলুন প্রস্তুতকারী কর্মী সুব্রত চাকমা। তিনি জানান, ২০১৪ সাল থেকে একাই অফিসটি দেখাশোনা করছেন। সুব্রত চাকমা বলেন, “২০১৪ সাল থেকে আমি একাই এই আবহাওয়া অফিসটি দেখাশোনা করে আসছি। আমার একার পক্ষে এই অফিসটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পর্যাপ্ত লোকবলের অভাবে আমরা এখান থেকে কোনো ধরনের তথ্য মানুষকে দিতে পারি না। একজন আবহাওয়াবিদ এবং দক্ষ পর্যবেক্ষক থাকলে এই অফিসটি সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব।”

খাগড়াছড়ির দীঘিনালার আবহাওয়া অফিসে প্রয়োজন আটজন, কাজ চলছে একজন উচ্চ পর্যবেক্ষক ও একজন বেলুন প্রস্তুতকারী কর্মী দিয়ে

অর্থাৎ আবহাওয়া পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মতো কারিগরি কার্যক্রম পরিচালনার জন্য যে জনবল প্রয়োজন, তার বড় অংশই নেই। একজন কর্মীর ওপর অফিসের দেখভালের দায়িত্ব থাকায় সরকারি অর্থে তৈরি অবকাঠামো ও যন্ত্রপাতির কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠেছে।

স্থানীয় বাসিন্দা অর্জুন চাকমা বলেন, “আবহাওয়া অফিস নির্মাণের সময় আমরা অনেক আশাবাদী ছিলাম। ভেবেছিলাম এখান থেকে নিয়মিত আবহাওয়ার তথ্য পাওয়া যাবে। কিন্তু এত বছর পরও সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে না।”

পূর্বাভাস না থাকায় কৃষিতে ঝুঁকি

দীঘিনালার কৃষকরা আবহাওয়ার ওপর অনেকটাই নির্ভরশীল। কখন বৃষ্টি হবে, কখন অতিবৃষ্টির আশঙ্কা রয়েছে কিংবা কখন ফসল কাটার উপযুক্ত সময়—এসব তথ্য আগাম জানা গেলে কৃষকেরা ক্ষতি কমানোর পাশাপাশি উৎপাদন পরিকল্পনাও করতে পারেন।

কৃষক আফজাল হোসেন বলেন, “আবহাওয়া সম্পর্কে আগাম তথ্য পেলে আমরা অনেক ক্ষতি থেকে রক্ষা পেতাম। কখন বৃষ্টি হবে বা অতিবৃষ্টি হতে পারে, সেটা আগে জানতে পারলে মৌসুমি সবজি ও অন্যান্য ফসল পরিকল্পনা অনুযায়ী চাষ করতে পারতাম।”

কৃষকদের মতে, পূর্বাভাসের ভিত্তিতে বীজ বপন, চারা রোপণ, সার ও কীটনাশক প্রয়োগ এবং ফসল কাটার সময় নির্ধারণ করা সম্ভব। অতিবৃষ্টি বা দুর্যোগের আগাম সতর্কতা থাকলে ফসল ও কৃষি উপকরণ রক্ষার পাশাপাশি মানুষের নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া যায়।

চাহিদা আটজনের, কাজ চলছে একজন দিয়ে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক সৈয়দ আবুল হাসানাৎ বলেন, নির্মাণের পর থেকেই দীঘিনালার আবহাওয়া পর্যবেক্ষণাগারে জনবল সংকট রয়েছে। তিনি জানান, একজন আবহাওয়াবিদ, একজন আবহাওয়া সহকারী, একজন বেতার তত্ত্বাবধায়ক, একজন উচ্চ পর্যবেক্ষক, একজন পর্যবেক্ষক, একজন বেলুন প্রস্তুতকারী, একজন নিরাপত্তা প্রহরী ও একজন পরিচ্ছন্নতাকর্মীসহ মোট আটজনের জনবল প্রয়োজন। সেখানে বর্তমানে মাত্র একজন উচ্চ পর্যবেক্ষক ও একজন বেলুন প্রস্তুতকারী কর্মী দিয়ে কার্যক্রম চালাতে হচ্ছে।

সৈয়দ আবুল হাসানাৎ বলেন, “আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জনবলের চাহিদাপত্র পাঠালেও কোনো প্রতিত্তোর পাচ্ছি না। তবে যারা সেখানে কর্মরত রয়েছেন, তারা যাতে ঠিকভাবে দায়িত্ব পালন করেন, সে বিষয়টি আমরা দেখব।”

সরকারি বিনিয়োগের সুফল কোথায়?

প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন, গুরুত্বপূর্ণ আবহাওয়া পর্যবেক্ষণ যন্ত্রপাতি এবং দীর্ঘ ১৭ বছরের সময়—সবই আছে। নেই শুধু সেই জনবল ও কার্যকর ব্যবস্থাপনা, যার মাধ্যমে এসব সম্পদ মানুষের কাজে লাগবে।

স্থানীয়দের দাবি, দ্রুত আবহাওয়াবিদ, দক্ষ পর্যবেক্ষকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ করে অফিসটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে হবে। পাশাপাশি বিদ্যমান যন্ত্রপাতির যথাযথ ব্যবহার নিশ্চিত করে নিয়মিত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং তা কৃষক ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

কারণ পাহাড়ে একটি আবহাওয়ার পূর্বাভাস শুধু বৃষ্টির খবর নয়। সেটি হতে পারে কৃষকের ফসল রক্ষার সুযোগ, পাহাড়ি ঢল থেকে একটি পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় কিংবা ভূমিধসের আগে জীবন বাঁচানোর সতর্ক সংকেত। তাই ৫ কোটি টাকার স্থাপনা ও যন্ত্রপাতি ফেলে না রেখে ১৭ বছর পর হলেও এটিকে কার্যকর জনসেবামূলক আবহাওয়া পর্যবেক্ষণাগারে পরিণত করাই এখন সবচেয়ে জরুরি।