রাজধানীর পল্টন থানায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দীপংকর তালুকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার মূল নথি আদালতে পৌঁছানোর পর তার রিমান্ড ও জামিন আবেদন শুনানির নির্দেশ দেন বিচারক।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দীপংকর তালুকদারকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করলেও মূল নথি না পৌঁছানোয় শুনানি হয়নি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নির্দেশ দেন, মূল নথি আদালতে আসার পর রিমান্ড ও জামিন আবেদনের শুনানি হবে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দিলে একই দিনে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচির ঘোষণা দেয়। এই রাজনৈতিক সহিংসতার মধ্যেই সমাবেশের একদিন আগে যুবদল নেতা শামীম নিহত হন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

-পার্বত্য সময়