যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক ফেরদৌস আলম তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি রাজধানীর পল্টনে মহাসমাবেশের ডাক দেয়। একই দিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশের আয়োজন করে। অভিযোগ রয়েছে, বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুমের উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে যুবদল নেতা শামীম নিহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর পল্টন থানায় মামলা দায়ের করা হয়। মামলার অন্যতম আসামি দীপংকর তালুকদারকে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। পরদিন তাকে কারাগারে পাঠানো হয় এবং রিমান্ড শুনানির জন্য ১৯ ফেব্রুয়ারি তারিখ ধার্য করা হয়।

-পার্বত্য সময়