রাজধানীর বাসাবোস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আয়োজিত এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখা হবে।
রোববার রাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পূজা ও প্রার্থনা শেষে উপস্থিত ভিক্ষু-ভান্তে ও ভক্তদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, সরকারের ঘোষিত ৩১ দফার ম্যানিফেস্টো তারা সর্বান্তঃকরণে মেনে চলবেন এবং সমাজে কোনো ভেদাভেদ বা বৈষম্য রাখা হবে না।
মন্ত্রী আরও বলেন, বৌদ্ধ ধর্মের মূল বাণী মানুষের মধ্যে ঐক্য ও সহমর্মিতা জাগ্রত করে। এই ধর্ম পাহাড় ও সমতলের মানুষের মধ্যে বন্ধন তৈরি করেছে এবং পারস্পরিক মৈত্রীর সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। ভিক্ষু-ভান্তেদের প্রার্থনা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এসময় তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি তিনি বিশ্বজগতের সকল প্রাণীর মঙ্গল কামনা করেন।
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আসার দীর্ঘদিনের ইচ্ছার কথাও এসময় উল্লেখ করেন মন্ত্রী এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী মৈত্রী চাকমা, বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি সরুপানন্দ ভিক্ষু, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ আনন্দমিত্র ভান্তে, ধর্মানন্দ ভান্তে, কল্যাণ জ্যোতি ভিক্ষুসহ সংগঠনের মহাসচিব ড. সুমন কান্তি বড়ুয়া। এছাড়া রাঙ্গামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানসমুকুর চাকমা, সুভাষ চন্দ্র চাকমা, রনজিত কুমার বড়ুয়া, অনুপম বড়ুয়া, সুশীল বড়ুয়া, পার্থ প্রতীম বড়ুয়া অপুসহ বিভিন্ন স্তরের ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তরা অনুষ্ঠানে অংশ নেন।


