পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাঙামাটি শহরের কল্যাণপুরে সন্তু লারমার নিজ বাসভবনে গিয়ে এই সাক্ষাতে মিলিত হন পার্বত্যমন্ত্রী। এ সময় মন্ত্রী দীপেন দেওয়ান সন্তু লারমার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে উভয় নেতা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। আলোচনায় পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম, স্থিতিশীলতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

এছাড়া পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক কল্যাণ, শান্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সৌজন্য সাক্ষাৎ পাহাড়ের রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা বহন করছে এবং ভবিষ্যতে পার্বত্য অঞ্চলে পারস্পরিক আস্থা ও সংলাপের ক্ষেত্র আরও বিস্তৃত হতে পারে।