ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এদিন পার্বত্য চট্টগ্রামের তিনটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। তারা হলেন- খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান  এবং বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পরবর্তী ধাপে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের কথা থাকলেও বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার সিদ্ধান্তের প্রেক্ষাপটে জামায়াত এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। বিএনপির শরিক দলগুলো পেয়েছে আরও ৩টি আসন।

অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় লাভ করেছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিকরা পেয়েছে ৯টি আসন- এর মধ্যে এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে বিজয়ী হয়েছে।

এদিকে, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর প্রভাব সংসদের কার্যক্রম ও রাজনৈতিক সমীকরণে কতটা পড়বে-  তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা-কল্পনা চলছে।