পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত বলি খেলায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন দিপু দেওয়ান। টানা তিনবারের চ্যাম্পিয়ন সৃজন চাকমাকে হারিয়ে এ সাফল্য অর্জন করেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী দর্শকের ভিড়ে স্টেডিয়াম মুখর হয়ে ওঠে।

এবারের প্রতিযোগিতায় প্রায় ১০ জন প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে রাঙ্গামাটি শহরের কালিন্দীপুর এলাকার বাসিন্দা দিপু দেওয়ান চ্যাম্পিয়ন হন। রানার্সআপ হন খাগড়াছড়ির পানছড়ির সৃজন চাকমা এবং তৃতীয় স্থান অর্জন করেন রাঙ্গামাটির নানিয়ারচরের সুমন চাকমা।

খেলায় চ্যাম্পিয়নকে ১৫ হাজার টাকা এবং রানার্সআপকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী সবাইকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), জেএসএসের সহ-সভাপতি ঊষাতন তালুকদার এবং উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমাসহ অন্যান্যরা।

চ্যাম্পিয়ন দিপু দেওয়ানের মা প্রভা দেওয়ান বলেন, “ছেলেকে খেলায় অংশ নিতে নিষেধ করেছিলাম, তবুও সে অংশ নিয়েছে। এখন সে চ্যাম্পিয়ন হওয়ায় খুব ভালো লাগছে।”

নিজের অনুভূতি জানিয়ে দিপু দেওয়ান বলেন, “আগেও অংশ নিয়েছি, কিন্তু জিততে পারিনি। এবার চ্যাম্পিয়ন হয়ে দারুণ লাগছে এ আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।”