তিনদিন রাঙামাটির সাজেক ভ্রমণে যেতে পর্যটকদের নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
তিনি বলেন, খাগড়াছড়ি ও রাঙামাটির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সাজেকে দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনকে অনেক বেগ পেতে হয়েছে। তাই পরিস্থিতি বিবেচনায় সাজেকে বুধবার থেকে তিনদিন পর্যটকদের সাজেক ভ্রমণে যেতে নিরুৎসাহিত করা হয়েছে।
জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিল্যাহ, রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী পরিচালক সবুজ চাকমাসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রাঙামাটি ও খাগড়াছড়িতে এক বাঙালি যুবক হত্যাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে উপজাতি শিক্ষার্থীদের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকে পড়েন প্রায় দেড় হাজারের বেশি পর্যটক। মঙ্গলবার সকাল ৭টার দিকে নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাদের খাগড়াছড়ি জেলা শহরে পৌঁছে দেওয়া হয়।
-পার্বত্য সময়


