খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজার হতে শুরু করে চেঙ্গী স্কয়ার মোড়ে ইউপিডিএফ (মূল/ প্রসীত) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ এর যৌথ উদ্যোগে কল্পনা চাকমার অপহরণের ঘটনায় মামলা খারিজের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১১ টার দিকে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভাপতি কনিকা দেওয়ান এর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় "অপহরণের ২৮ বছর: কল্পনা চাকমার সন্ধান চাই, অপরাধীদের সাজা দাও! দায়মুক্তির রায় মানি না, মানব না!" লেখা বিভিন্ন প্লেকার্ড হাতে তারা প্রতিবাদ জানায়।
এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, সদস্য এন্টি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ক্যামেরুন দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেলী ত্রিপুরা'সহ ইউপিডিএফ (মূল) সমর্থিত সমর্থকবৃন্দ।
এ সময় ক্ষণস্থায়ী প্রতীকি ফাঁসির মঞ্চ তৈরী করে রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার কজইছড়ি আর্মি ক্যাম্পের তৎকালীন কমান্ডার লে. ফেরদৌস, ভিডিপি প্লাটুন কমান্ডার সালেহ আহম্মদ ও নুরুল হককে অপহরণকারী দাবি করে প্রতীকি ফাঁসি দেওয়া হয় এবং চেঙ্গী স্কয়ারে তা টাঙানো হয়।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি স্বনির্ভর বাজার এলাকায় গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
-পার্বত্য সময়

