বান্দরবানের থানচি উপজেলার বাকলাই পাড়ায় সেনাবাহিনীর সহায়তায় নিজ বাড়িতে ফিরেছেন কুকি চিন সন্ত্রাসীদের তাণ্ডবে ঘরছাড়া হওয়া গ্রামবাসীরা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দীর্ঘ ২৩ মাস পর শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর নিরাপত্তা ব্যবস্থার আওতায় ২৮টি বাস্তুচ্যুত পরিবারের মধ্যে ১৫টি পরিবারের ৮১ জন সদস্য তাদের নিজ বাড়িতে ফিরেছেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক যৌথ অভিযানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্থানীয় বাসিন্দারা পুনরায় নিজ গ্রামে ফিরতে শুরু করেছেন। এর আগে, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (বম পার্টি) নামে সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি, দমন-পীড়ন ও সহিংসতার কারণে ২০২২ সালের মাঝামাঝি সময়ে রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকার বহু পরিবার গ্রাম ছাড়তে বাধ্য হয়। সন্ত্রাসীদের হামলা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহারের আশঙ্কায় এসব পরিবার দীর্ঘদিন দুর্গম পাহাড় ও জঙ্গলে চরম দুর্ভোগে দিন কাটিয়েছে।
ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনী মধ্যাহ্নভোজের আয়োজন করে এবং প্রয়োজনীয় রেশন সহায়তা প্রদান করে। এছাড়া, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে। পাশাপাশি, এলাকার শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং টিউশন ফি সুবিধা চালু করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংগঠনগুলোর তাণ্ডবের শিকার সব বাস্তুচ্যুত পরিবারকে নিরাপদে নিজ ঘরে ফিরিয়ে আনতে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।