বান্দরবানের আলিকদম থেকে মিয়ানমারে অপহৃত মো. দুলাল (৪০) নামের এক বাংলাদেশি নাগরিককে সফল অভিযানে উদ্ধার করে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জুন বান্দরবানের আলিকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগান পাড়া এলাকার বাসিন্দা মৃত এজাহার হোসেনের ছেলে মো. দুলালকে গরু কেনাবেচার প্রলোভন দেখিয়ে অপহরণ করে মিয়ানমারের ৫-৬ জন নাগরিক। তাকে সীমান্তের ৫৪-৫৫ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের ভেতরে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর ১০ জুন বিকেল ৩টায় বিজিবির একটি টহল দল স্থানীয় সোর্সের মাধ্যমে জানতে পারে যে, দুলাল মিয়ানমারের ম্যানশনপাড়া নামক এলাকায় আটক অবস্থায় আছেন। পরে পোয়ামুহুরী বিওপির (বর্ডার আউটপোস্ট) কমান্ডার নায়েক সুবেদার হারুণ অর রশিদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
বিজিবি জানিয়েছে, এই অভিযানে কোনো ধরনের মুক্তিপণ প্রদান ছাড়াই অপহৃত দুলালকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে তাঁকে নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবির এই পদক্ষেপে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং সীমান্ত নিরাপত্তায় বাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন।
-পার্বত্য সময়


