পার্বত্য জেলা বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার ৩২টি পূজা মণ্ডপের মধ্যে ২২টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে জানানো হয়, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো, স্বেচ্ছাসেবক দল গঠন এবং আজানের সময় মাইক বন্ধ রাখাসহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে আমরা তৎপর রয়েছি। গোয়েন্দা সংস্থা সজাগ রয়েছে যেকোনো ধরনের সমস্যায় কুইক রেসপন্স করার জন্য মোবাইল টিম রেডি থাকবে। যেকোনো সমস্যায় পুলিশ পাশে থাকবে, যাতে শান্তিপূর্ণভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ পূজা উদযাপন করতে পারে। সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে সব ধর্মের এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করি।
সভায় বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি ছাড়াও জেলা বিএনপি, জামায়াতে ইসলামি, নাগরিক পার্টি, মসজিদের খতিব, সাংবাদিক এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বান্দরবানের সাত উপজেলায় অনুষ্ঠিত পূজার মধ্যে সদর উপজেলায় ১১টি, লামায় ৮টি, আলীকদমে ৫টি, নাইক্ষ্যংছড়িতে ৪টি, থানচিতে ২টি, রুমায় ১টি ও রোয়াংছড়িতে ১টি মণ্ডপ রয়েছে।
-পার্বত্য সময়


