বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপিত হচ্ছে।

রোববার (৫ এপ্রিল) সকালে জেলার বিভিন্ন গির্জায় যিশু খ্রিস্টের গুণকীর্তন ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ উপলক্ষে জেলা সদরের ফাতিমা রানি ক্যাথলিক গির্জা, লুসাইবাড়ি ব্যাপটিস্ট গির্জা, কালাঘাটা ত্রিপুরা পাড়া গির্জাসহ চিম্বুক পাহাড় এলাকার বম ও ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন গির্জায় ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়।

সকাল থেকেই খ্রিস্টান সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুরা গির্জায় সমবেত হয়ে প্রার্থনায় অংশ নেন এবং সবার জন্য শান্তি ও কল্যাণ কামনা করেন।

বান্দরবান ফাতিমা রানি গির্জার সহকারী পাল-পুরোহিত ফাদার জেরম সুটিং প্রার্থনা পরিচালনা করেন।

খ্রিস্টান ধর্মবিশ্বাস অনুযায়ী, ইস্টার সানডে হলো যিশু খ্রিস্টের পুনরুত্থান স্মরণে পালিত একটি গুরুত্বপূর্ণ দিন। গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হওয়ার পর এই দিনে তিনি পুনরুত্থিত হন- এই বিশ্বাস থেকেই উৎসবটির ধর্মীয় তাৎপর্য নিহিত।