পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ের উন্নয়নে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পাহাড়ি-বাঙালি বিভেদ ভুলে একসঙ্গে কাজ করলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি ও জীবনমানের উন্নয়ন সম্ভব। 
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সুপ্রদীপ চাকমা পার্বত্য এলাকায় কফি, কাজুবাদাম ও ইক্ষু চাষের মাধ্যমে কৃষি অর্থনীতির উন্নয়নের আশা প্রকাশ করেন এবং পরিবেশ রক্ষায় বন উজাড় বন্ধের আহ্বান জানান। তিনি পাহাড়ের মানসম্পন্ন শিক্ষার ওপরও গুরুত্বারোপ করেন। 
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে নানা অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে পরিষদ পুনর্গঠনের অনুরোধ জানালে, উপদেষ্টা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ইচ্ছা ও যোগ্যতা থাকলে অনেক কিছু করা যায়। জেলা পরিষদ গঠিত হয়েছে প্রায় ৩ মাস, অথচ এখনো পর্যন্ত উন্নয়ন প্রকল্পের স্কিম তৈরি করতে পারেননি। বাকি তিন মাসে কখন টেন্ডার আহ্বান করবেন, কখন প্রকল্প বাস্তবায়ন করবেন—এমন প্রশ্নও তিনি তোলেন। 
সুপ্রদীপ চাকমা বলেন, "জুলাই-আগস্ট বিপ্লবের কারণে আমরা দায়িত্ব পেয়েছি। সেবার মান জনবান্ধব হওয়া দরকার। লোক দেখানো কোনো কিছু না করে জনগণের মন জয় করা জরুরি। আমরা চিরদিন থাকার জন্য আসিনি। যত তাড়াতাড়ি চলে যেতে পারবো, তত গালিগালাজ কম খাবো।" 
সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, সামরিক ও বেসামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

-পার্বত্য সময়