রাঙামাটিতে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া আরও ২ জন প্রার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, এবারের নিয়োগ প্রক্রিয়ায় ৫৩৪ জন আবেদন করেছিলেন। তাদের মধ্যে শারীরিক পরীক্ষায় ১৩৪ জন, লিখিত পরীক্ষায় ১৪ জন এবং সব ধাপ শেষে ৮ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া আরও ২ জন প্রার্থী অপেক্ষমাণ তালিকায় রয়েছেন।
ফলাফল ঘোষণার পর প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। তিনি বলেন, “অত্যন্ত প্রতিযোগিতামূলক, স্বচ্ছ, প্রভাবমুক্ত ও তদবিরবিহীন প্রক্রিয়ার মাধ্যমে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এ নিয়োগ সম্পন্ন হয়েছে। নির্বাচিতরা সততা, দেশপ্রেম ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি।”
চাকরি পাওয়া প্রার্থীরা নিজেদের সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, সর্বোচ্চ চেষ্টা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরিতে নির্বাচিত হয়েছেন তারা। পুলিশ সুপারের সততা ও নিষ্ঠার কারণে মেধার সঠিক মূল্যায়ন সম্ভব হয়েছে বলে তারা কৃতজ্ঞতা জানান।
একইভাবে অভিভাবকরাও সন্তানের এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “ঘুষ ও অনিয়ম ছাড়া পুরোপুরি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ সম্পন্ন হয়েছে। এজন্য রাঙামাটির পুলিশ সুপারের প্রতি আন্তরিক ধন্যবাদ।”
-পার্বত্য সময়


