চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে ২৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি। স্থান হতে পারে সিআরবি শিরীষতলা বা এমএ আজিজ স্টেডিয়ামের পুরাতন সার্কিট হাউসের সামনের চত্বরটি।বই মেলার সিদ্ধান্ত জানিয়ে সিটি মেয়র বলেন, চট্টগ্রামের অমর একুশে বই মেলা আমাদের গুরুত্বপূর্ণ ঐতিহ্য। এই মেলার জন্য সুনির্দিষ্ট স্থান নির্বাচন করা জরুরি।
সিআরবি শিরীষতলাতে যদি বইমেলার আয়োজন করা হয় বা করতে পারি তাহলে স্থায়ীভাবে প্রতি বছর বইমেলা ওখানে করার একটা সুযোগ তৈরি হবে।
রবিবার (১৪ জানুয়ারি) টাইগারপাসের চসিক সম্মেলন কক্ষে বিকালে সৃজনশীল প্রকাশনা পরিষদ এবং লেখক ও সুধিজনের সাথে মেলার প্রস্ততি সভায় সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, বইমেলার যে উপ-কমিটিগুলো গঠন করা হবে তারা আন্তরিকভাবে কাজ করলেই বইমেলা সফল হবে। বইমেলা সফল করতে প্রয়োজন সমন্বিত প্রয়াস, উৎসবমুখর বাঙালির প্রাণের উৎসব এই বইমেলা হয়ে ওঠে বাঙালির মিলনমেলায়।
চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটি সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রফেসর ড. মোহীত উল আলম, কবি ওমর কায়সার, কবি বিশ্বজিৎ চৌধুরী, কবি রাশেদ রউফ, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, মহিউদ্দিন শাহ আলম নিপু, মো. জামাল উদ্দীন, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মো. সাহাবুদ্দীন হাসান বাবু, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, রেহেনা চৌধুরী, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, কামরুল হাসান বাদল, দীপক দত্ত, মিজানুর রহমান শামীম, সাইফুল ইসলাম বাবু, আবদুল হালিম দোভাষ, সম্মিলিত আবৃত্তি পরিষদের সভাপতি রাশেদ হাসান।
এ সময় প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, বেগম আফরোজা কালাম, সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ বই মেলার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
বই মেলার প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, ড.আজাদ বুলবুল, কবি ও লেখক অভীক ওসমান, ড. শামসুদ্দীন শিশির, মুহম্মদ নুরুল আবসার, দীপেন চৌধুরী, কবি আইউব সৈয়দ, ড. সৌরভ সাখাওয়াত প্রমুখ।

