পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই তিন জেলায় প্রাথমিকভাবে তিনটি করে মোট ৯টি স্কুলে ডিজিটাল শিক্ষাব্যবস্থা চালু করা হবে।

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ‘ই-লার্নিং স্কুল প্রতিষ্ঠা’ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সভায় প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও জেলা পরিষদ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রামের ছেলে-মেয়েরা ই-লার্নিং শিক্ষা গ্রহণের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও রোবটিকসসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করবে, যা তাদেরকে বৈশ্বিক কমিউনিটিতে সরাসরি সংযুক্ত হতে সহায়তা করবে।”

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পার্বত্য চট্টগ্রামে ১০০টি ই-লার্নিং স্কুল স্থাপনের লক্ষ্যে কাজ চলছে। নির্বাচিত স্কুলগুলোতে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে এবং মোবাইল নেটওয়ার্ক ও ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করা হবে।

এ ছাড়া বিজ্ঞান, গণিত ও ইংরেজি বিষয়ে যোগ্য শিক্ষকের ঘাটতি পূরণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক। উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, মো. মনিরুল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা প্রমুখ।