এবারের সংসদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ি আসনে ৯টি উপজেলায় মোট ১৯৬টি কেন্দ্রে ভোট হবে। এসব কেন্দ্রের মধ্যে সাধারণ কেন্দ্র হিসেবে ১৫টি, সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে ৮২টি এবং অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ৮৫টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৩টি কেন্দ্রে জনবলসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হবে হেলিকপ্টারে।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার নটি উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনে এবারের নির্বাচনে ১৯৬ কেন্দ্রে ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে প্রায় ৭০ হাজারই তরুণ।

কেন্দ্র ৩টি হলো- লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের ফুতাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষ্মীছড়ি সদর ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অপরটি দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

নির্বাচনী কর্মকর্তা, কর্মচারী, এসব কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করবেন। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, নির্বাচনে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি। সাধারণ ভোটাররা স্বাচ্ছন্দ্যে যেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা বদ্ধ পরিকর।

খাগড়াছড়ি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, আগামী ৭ই জানুয়ারি নির্বাচনের দিন ভোটাররা যেন নিরাপদে, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্গমতার কথা বিবেচনা করে ৩টি কেন্দ্রে নির্বাচনী কাজে হেলিকপ্টার ব্যবহার করা হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব সকল বাহিনীই নির্বাচনী দায়িত্ব পালন করবে।

-পার্বত্য সময়