চট্টগ্রাম শহরের ফিরিঙ্গি বাজার থেকে কোটি টাকা মূল্যের ২ কেজি বন্য হাতির দাঁত উদ্ধার করা হয়েছে। এসময় ১ পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। রবিবার (২৪ ডিসেম্বর) কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার এলাকা থেকে পাচারকারী মোঃ শাহনেওয়াজ বাবলুকে আটক করে র‌্যাব। গ্রেপ্তার মো. শাহনেওয়াজ বাবলু (৩৫) কক্সবাজারের রামু থানার মেরংলোয়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কক্সবাজার থেকে অবৈধভাবে বন্য হাতির দাঁত নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার এলাকায় রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করে পাচারকারী মোঃ শাহনেওয়াজ বাবলুকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগের ভিতর থেকে ২ টি বন্য হাতির দাঁত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দাঁত এর আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে জানায় র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা হতে অবৈধভাবে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে আসছেন। পরে এগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বিক্রি করে আসছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।