খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘কলাবাড়ী উচ্চ বিদ্যালয়’ নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) আনুমানিক রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে টিনশেডের পুরো স্কুলঘর, শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ, অফিস কক্ষ, কম্পিউটার, আইপিএসসহ সব আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। এতে স্কুলটির কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান, সন্ধ্যায় স্কুল ভবনের পশ্চিম পাশে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই আগুন সবকিছু গ্রাস করে নেয়। তখন স্কুলে কেউ উপস্থিত ছিল না।”
তিনি আরও জানান, রোববার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কিন্তু আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় অনুষ্ঠানটি অনিশ্চয়তার মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে প্রত্যন্ত পাতাছড়া ইউনিয়নর কালাবাড়ী এলাকায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। এতে স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র গড়ে উঠেছিল।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই পুরো ভবন পুড়ে যায়। তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে জানা হবে।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর রামগড় স্টেশনের ইনচার্জ বিশ্বান্তর বিকাশ বড়ুয়া বলেন, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পুনর্গঠনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, দ্রুত স্কুলটি পুনর্নির্মাণ করা না হলে এলাকার শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।


